
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে ফাঁসিতে ঝুলে সোনা মিয়া ( ৪০) নামে ২ সন্তানের বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১৩ অক্টোবর, সোমবার ভোররাতে উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া একই ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তবে সোনা মিয়া সম্প্রতি বিভিন্ন ভাবে মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে জানান তার পরিবার ।
মৃত সোনা মিয়ার মা সন্ধি বেগম বলেন, আমার ছেলে বিদেশে চাকরি করতো। গত বছর ৫ই আগষ্ট তার স্ত্রী ঢাকায় আন্দোলনের সময় গুলিতে নিহত হন। তারপর থেকেই আমার ছেলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
মৃত সোনা মিয়ার বোন জামাই মানিক বলেন, গতকাল রবিবার (১৩ অক্টোবর ) আমার সমন্ধি আমাদের বাড়িতে বেরাতে আসে। রাতে খাবার খেয়ে আমার নিজ ঘরে ঘুমায় । ভোরের দিকে কুকুরের চিৎকার শুনতে পেয়ে লাইট নিয়ে এগিয়ে গিয়ে দেখি পাশের বাড়ী আজিজ মিয়ার রান্না ঘরে গলায় ফাঁসি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।
মৃত সোনা মিয়ার ছেলে আলামিন জানান, সকালে আমার ফুপার ফোন পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন এসে দেখি আমার বাবা গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে। আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
এ বিষয়ে ঘিওর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ কোহিনূর মিয়া বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।