
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ টাউন এলাকার রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল-এর নেতৃত্বে পরিচালিত ভেজালবিরোধী অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে হোটেলের ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম এবং মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এর আগেও ২০২৫ সালের ২ নভেম্বর একই ধরনের অপরাধে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও অনিয়মের পুনরাবৃত্তি হওয়ায় এবার অধিক অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বার্থে নিয়মিত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।