
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক দুই ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নূর হোসেন মিঞা ও মোঃ শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লিখন বনিক নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ের স্বপ্ন, কৌতূহল ও মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল আউয়াল শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিসহ একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।