টাঙ্গাইল প্রতিনিধি :
সমাজ ও রাষ্ট্রে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা সুসংহত করতে ধর্মের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের শীর্ষনেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। শনিবার (৩ অক্টোবর, ২০২৬) টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমাম সেলিম বলেন, কোন সমাজ থেকে যখন ধর্মের সঠিক শিক্ষা হারিয়ে যায়, তখন সেই সমাজ অন্যায় অবিচারে পূর্ণ হয়ে ওঠে। মানুষের নৈতিক ও চারিত্রিক অধঃপতন চরম আকার ধারণ করেছে। ফলে কঠোর থেকে কঠোরতর আইন করেও অপরাধ দমন করা যাচ্ছে না।
তিনি আরো বলেন, ইসলাম কেবল ব্যক্তিগত আমলের ধর্ম নয়, এটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। মানুষের ইহকাল ও পরকাল, উভয় জগতের সমাধান রয়েছে এখানে। রাসুলুল্লাহ (স:) ও তার সাহাবীরা ইসলামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে অন্যায় অশান্তি দূর করেছিলেন।
এ সময় হেযবুত তওহীদের এমাম সবাইকে ধর্মের সঠিক শিক্ষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি ডা. নাজম আল ইসলামের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটুর সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাপ্পা প্রমুখ।