মানিকগঞ্জ প্রতিনিধি :১ নভেম্বর ২০২৬
অসহায় ও নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে এবং বাংলাদেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই ওএমএসের (খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি) পয়েন্ট বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা।
রোববার বিকেলে মানিকগঞ্জ পৌরসভার শহীদ মিনার চত্বরে ওএমএস কার্যক্রমের আওতায় ট্রাকসেল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। মানিকগঞ্জের অভাবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ যাতে আরও বেশি করে চাল ও আটা সংগ্রহ করতে পারেন, সে জন্য নতুন করে পাঁচটি ওএমএস পয়েন্ট বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া এবং বাংলাদেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের ওএমএসের পয়েন্টগুলো বাড়ানো হয়েছে।
আসন্ন রমজান মাস উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা এখন কিছু পরিকল্পনার মধ্যে আছি। পরবর্তী সময়ে সেগুলো আপনাদের জানানো হবে।
এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিব, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।####