চন্দন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার নেত্রকোনা :০১ফেব্রুয়ারি-২০২৬,রবিবার।
নেত্রকোনা পৌরসভায় পৌর প্রশাসক হিসেবে মো. আরিফুল ইসলাম সরদার যোগদানের পর থেকেই পৌরসভাকে স্বচ্ছ, দূর্নীতিমুক্ত এবং জনবান্ধব পৌরসভা হিসেবে গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন। নেত্রকোনা পৌরসভায় তার যোগদানের পর পরই পৌরসভার বিভিন্ন স্থরের মানুষের সাথে মতবিনিময়কালে দেখা গেছে নির্ভীক, নিরহংকার এবং সদালাপী এই মানুষটির মনে রয়েছে নানান স্বপ্ন ও উদ্ভাবনী ভাবনা যা তিনি বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। সরকারের সকল এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি সমাজের আপামর মানুষের সার্বিক কল্যাণে নিরন্তর ব্যস্থ থাকেন এই পৌর প্রশাসক। ইতিমধ্যে তিনি ও তার টিম সারা পৌরসভায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। পৌরসভার সেবা গ্রহীতাগণ পৌরসভার কোন সেবা পেতে বিলম্বিত হলে সরাসরি অভিযোগ জানাতে পারেন পৌর প্রশাসকের মোবাইল নাম্বারে। কিছু মানুষ নিজেদের কর্মগুনে জনমনে স্থান করে নিয়েছেন। তেমনি একজন নেত্রকোনা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার। প্রশাসনের কাজে তিনি যেমন দক্ষ তেমনি একজন মানবিক ব্যাক্তিও। তিনি খুব কম সময় ধরে নেত্রকোনায় আসলেও নেত্রকোনা পৌরসভার মানুষের জন্য অনেক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। বিশেষ করে পৌরসভায় তার দীর্ঘস্থায়ী পরিকল্পনা পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নতুন নতুন চিন্তা ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা নেত্রকোনা পৌরসভাকে দাড় করিয়েছে উন্নয়নের এক নতুন মাত্রায়।
জানা গেছে, ১৯৮৩ সালের ১লা জানুয়ারী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শুক্তা গ্রামের বাসিন্দা আ.স.ম মঈনুদ্দিন সরদার ও মমতাজ বেগম দম্পত্তির কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন মো. আরিফুল ইসলাম সরদার। তিনি যশোর জিলা স্কুল থেকে এসএসসি, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারে উর্ত্তীণ হয়ে চাকুরী জীবনে যোগদানের পর থেকেই মেধা ও যোগ্যতা আর দায়িত্ববোধের প্রমান তিনি জয় করে নিয়েছেন মানুষের হৃদয়। তিনি চাকুরী জীবনের শুরুতেই ২০১১ সালে কুমিল্লা জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) হিসেবে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি হাটহাজারী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), নোয়াখালী সদর উপজেলায় ৩ বছর ৩ মাস উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ২০১৯ সালে চট্রগ্রাম বিভাগে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন, পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কুমিল্লায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ন প্রকল্পে সুনামের সাথে চাকুরী করেন। মো. আরিফুল ইসলাম সরদার ২০২৫ সালের ৭ই জানুয়ারী নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের দায়িত্ব গ্রহণ ও অতিরিক্ত দায়িত্ব দায়িত্ব হিসেবে নেত্রকোনা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। পৌর প্রশাসকের সহধর্মীণি মিথিলা জাহান নীপা নেত্রকোনা জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ। মো. আরিফুল ইসলাম সরদার নেত্রকোনা পৌর প্রশাসক হিসেবে যোগদান করেই তার প্রতিটি কর্মকান্ডে জনগণকে সম্পৃক্ত করে সাজাতে শুরু করে উন্নয়নের মহাপরিকল্পনা এবং জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করতে থাকে একের পর এক উন্নয়ন কার্যক্রম। গৎবাঁধা চিন্তা ভাবনা থেকে বেড়িয়ে এসে, চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে পৌরসভার সকল কার্যক্রম। এছাড়াও জনবান্ধব পৌরসভা গড়ার অভিপ্রায়ে নেত্রকোনা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় ইতিমধ্যে বেশকিছু উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে জেলা শহরের সাতপাই সরকারি কলেজ হতে রেলক্রসিং পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, মোক্তারপাড়া মেইন রোড সম্প্রসারণ করে আরসিসি সড়ক নির্মাণ, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল রোডে আরসিসি সড়ক, নিউটাউন পুকুর পাড়ে আরসিসি সড়ক, বারহাট্রা রোড হতে রাজুরবাজার পর্যন্ত আরসিসি সড়ক, গজিনপুর মাকার্স থেকে পুকুরিয়া পর্যন্ত আরসিসি সড়ক, ইসলামপুর মোড় থেকে অগ্রনী ব্যাংক মোড় ও ইসলামপুর মোড় থেকে অজহররোডস্থ পানমহাল পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ, পৌর এলাকার বিভিন্ন ব্রীজ সংস্কারকরণ, ধলাই নদী সংস্কারসহ দুইটি বড় সাঁকো নির্মাণ, জেলা শহরের ব্যবসা বানিজ্যের প্রাণকেন্দ্র বড়বাজার থেকে পৌরসভা পর্যন্ত সড়ক সংস্কার, পৌর এলাকায় ৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন সম্প্রসারণ, পৌর ভবনের সৌন্দর্য্যবর্ধন, এডিপির অর্থায়নে বিভিন্ন ওয়ার্ডের জনগণের চাহিদা মোতাবেক সিসি রাস্তা ও জলাবদ্ধতা নিরসনকল্পে ড্রেইন নিমার্ণ, পৌরসভার বিভিন্ন স্থানে ১৩টি ডাস্টবিন স্থাপন ও টিআর কর্মসূচীর আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সলিং রাস্তা নির্মাণ কাজ অন্যতম। মো. আরিফুল ইসলাম সরদার পৌরসভার বিভিন্ন হিসেবের বিপরীতে ৫৫ লাখ ৫১ হাজার ৫০৯ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেন।
পৌরসভার একাধিক সেবা গ্রহীতাগণ বলেন, এভাবে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সম্পৃক্ত করে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন এই পৌরসভায় এটিই প্রথম, এতে করে সরকারি কাজের প্রতি মানুষের আগ্রহ, সচেতনতা যেমন বাড়বে তেমনি দায়িত্ববোধও বেড়ে যাবে এতে কোনই সন্দেহ নাই। এছাড়াও পৌর প্রশাসকের সাথে কোন বিশেষ প্রয়োজনে দেখা করতে চেয়ে সুযোগ পাওয়া যায়নি এমন ঘটনা বিরল। তার অফিস কক্ষে গেলে দেখা যায়, প্রতিদিন অসংখ্য মানুষ তার সাথে দেখা করতে আসছেন বিভিন্ন সমস্যা নিয়ে। অসীম ধৈর্য্য নিয়ে পৌর প্রশাসক সাক্ষাত প্রত্যাশী এসব মানুষের কুশলাদি জিজ্ঞাসা করে তাদের সমস্যা বা দুর্ভোগের কার্যকর সমাধানে যথাসাধ্য চেষ্টা করছেন প্রতিনিয়ত।
পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার বলেন, নেত্রকোনা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে পরিনত করার লক্ষ্যে নানান উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকল জনগনের সার্বিক সহযোগিতা এবং পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীগণ সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করায় পৌরসভার উন্নয়ন কাজ তরান্বিত হচ্ছে। নেত্রকোনা পৌরসভাকে ঢেলে সাজাতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।