নিজস্ব প্রতিনিধিঃ২৮ এপ্রিল
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
মন্ত্রী বলেন, বিভেদ ও দ্বন্দ্ব নয়—ঐক্যই পারে মানিকগঞ্জকে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দিতে। তিনি উল্লেখ করেন, “কে ভোট দিয়েছেন বা দেননি, সেটা বড় বিষয় নয়; আমি সকল মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”
আইনজীবীদের উদ্দেশে তিনি আরও বলেন, অসহায় মানুষের অভিযোগ যেন না থাকে যে তারা ন্যায্য আইনি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য আইন পেশাজীবীদের আরও মানবিক, আন্তরিক ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এমন একটি বিচারবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে সাধারণ মানুষ আইনজীবী ও বিচারকদের নিজেদের আস্থার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে ভাবতে পারেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী মানিকগঞ্জ সদর ডাকবাংলা-এর ছয় তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।