মানিকগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৫২০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তাঁরা দায়িত্ব পালন করছেন।
গত ১৫ অক্টোবর সিংগাইর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে মোতায়েন করা সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির।
এ সময় দায়িত্ব পালনে সতর্ক থাকা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার বিষয়ে সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।
সিংগাইর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে উপজেলার ৮৪টি পূজামণ্ডপে ৫২০ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কোনো সন্দেহজনক পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা চোখে পড়লে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে সিংগাইরের সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় থাকবে।