নিজস্ব প্রতিবেদক :::
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, ‘হয় মাদক থাকবে, নয়তো আমরা থাকব’ মাদক নির্মূলে ডিবি পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
মানিকগঞ্জে দায়িত্ব পালনকালে কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না জানিয়ে মানবেন্দ্র বালো বলেন, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে জেলায় মাদকের বিস্তার অনেকটা কমে এসেছে। তবে মাদক পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবারকেও বিপর্যস্ত করে তোলে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তাই মানিকগঞ্জে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ডিবি পুলিশ। কোনো মাদক কারবারি যেন নির্বিঘ্নে তার অবৈধ কার্যক্রম চালাতে না পারে, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করতে মানিকগঞ্জবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, কোথাও মাদক বিক্রি, সরবরাহ কিংবা মাদকসেবনের তথ্য পাওয়া গেলে তা পুলিশকে জানাতে হবে। জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। মাদক নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মানিকগঞ্জে মাদক কারবারিদের কোনোভাবেই অবৈধ ব্যবসা চালিয়ে যেতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানিকগঞ্জকে মাদকমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে চায় পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো। সংশ্লিষ্টদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা গেলে মাদকের বিস্তার রোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।