সাভার (ঢাকা) প্রতিনিধিঃ
শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার ছত্রছায়ায় নিজের আপন ছোট ভাইয়ের সাড়ে ৭ শতাংশ জমি দখল পায়তারার অভিযোগ উঠেছে মোঃ শাজাহান সিরাজের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ছোট ভাই মোঃ আনোয়ার হোসেন আয়নাল আওয়ামী লীগের শাসনামলে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। উল্টো নিজের জমিতে নির্মান কাজে বাঁধা দেওয়ার অভিযোগ তুলে জমির প্রকৃত মালিক মোঃ আনোয়ার হোসেন আয়নালের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতার স্ত্রী আসমা খাতুন।
অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতার নাম হাজী জমত আলী দেওয়ান। সে কার্যক্রম নিষিদ্ধ সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আশুলিয়া থানা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে ২৪ এর গণ অভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আল-সাবুর (১৬) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন আয়নাল জানান, ফ্যাসিষ্ট আওয়ামী লীগের শাসনামলে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জমত আলী দেওয়ানকে দিয়ে আমার আপন বড় ভাই মোঃ শাজাহান সিরাজ আমার সাড়ে ৭ শতাংশ জমি দখলের পায়তারা করে। এঘটনায় আমি আশুলিয়া থানায় ডায়েরি করার পর তারা বন্ধ রাখে । সম্প্রতি আমার বড় ভাই মোঃ শাজাহান সিরাজের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জমত আলী দেওয়ানের স্ত্রী আসমা খাতুন পুনরায় আমার সাড়ে ৭ শতাংশ জমি দখলের পায়তারা করে। এঘটনায় আমি বাঁধা দিলে উল্টো তারা আমার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মিথ্যা লিখিত অভিযোগ করে। বিষয়টি জানতে পেয়ে আমি লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই মেহেদী হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বাদীকে আপাতত কাজ বন্ধ রাখার কথা জানিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন।
জমি দখল চেষ্টার বিষয়ে জানতে অভিযুক্ত শাজাহান সিরাজের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। তাদের সাথে আলোচনা করে এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।