নিজস্ব প্রতিবেদক :::
মানিকগঞ্জে অসহায় ও দুরারোগ্য রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও প্যারালাইসিসে আক্রান্ত ১৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় সরকার সর্বদা আন্তরিক। তিনি সমাজের বিত্তবানদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান,জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন,সিভিল সার্জন ডাক্তার আইভী ফেরদৌসীসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে মানিকগঞ্জ জেলায় মোট ৮৪৮ জন অসহায় ও দুরারোগ্য রোগীকে এ ধরনের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।