মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টা ২৫ মিনিটে হরিরামপুর থানাধীন দাসকান্দি বয়রা এলাকায় হরিরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেখ ফরিদ ওরফে ফরিদ মেম্বার (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি হরিরামপুর উপজেলার দাসকান্দি বয়রা গ্রামের বাসিন্দা। এ সময় তার দখল থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।