আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর থানায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে। গত ২ অক্টোবর রাত ৮:৩০ ঘটিকার দিকে ঘিওর উপজেলার চঙ্গ শিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগীর বাবা নাসির উদ্দিন (৬২) বাদী হয়ে গত ৯ অক্টোবর ঘিওর থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঘটনার দিন রাতে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে একই এলাকার বাসিন্দা সামসুল (৪৫), পিতা- সালাম, ভুক্তভোগীর বসতবাড়িতে প্রবেশ করে। উক্ত সময়ে ঘরে ৩৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী নারী একাকী অবস্থান করছিলেন। এই সুযোগে বিবাদী ঘরে ঢুকে তাকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও প্রদর্শন করে এবং একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
অভিযোগে আরও জানানো হয়, বিবাদীর ভয়ভীতি প্রদর্শনের কারণে আতঙ্কিত হয়ে ভুক্তভোগী প্রথমে বিষয়টি কাউকেই জানাননি। পরবর্তীতে গত ৭ অক্টোবর তিনি তার পিতাকে বিষয়টি খুলে বলেন। বিষয়টি জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা ও পরামর্শ করার কারণে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে বাদী জানান।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে উক্ত ঘটনার সঠিক তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচারের আকুল আবেদন জানানো হয়েছে। ভুক্তভোগী পরিবারকে মামলা উঠানোর জন্য ভয় ভীতি দেখানো হচ্ছে বলে জানা গেছে।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, এবিষয়ে ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।