নিজস্ব প্রতিবেদক :::
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের উদ্দেশ্যে স্থাপন করা পাইপলাইনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার আবুদাঙ্গা ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলনের উদ্দেশ্যে এলাকায় পাইপলাইন স্থাপন করেন বলে অভিযোগ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত আবুদাঙ্গা ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করে।
অভিযান চলাকালে অধিকাংশ পাইপলাইন শুকনো অবস্থায় পাওয়া যায়। তবে শ্যামপুর এলাকার একটি পাইপলাইন রাতে চালানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
এদিকে, অভিযান চলার সময় হঠাৎ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হলে জননিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। ফলে অভিযানের কিছু অংশ অসম্পূর্ণ থেকে যায়।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের আগেই অভিযান শেষ করতে হয়েছে। তবে পাঁচটি পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় কাউকে জরিমানা করা কিংবা পাইপলাইনগুলো ধ্বংস করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উপযুক্ত সময়ে ওই এলাকায় পুনরায় জোরালো অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক:
মোঃ সুমন আহম্মেদ
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
দৈনিক সরেজমিন বার্তা
মুঠোফোন: ০১৭৩৩৫৯৬৩৩৯