নিজস্ব প্রতিবেদক :
এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সৎ, যোগ্য, স্বচ্ছল এবং ভালো মানুষদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা। তিনি স্পষ্ট করে বলেন, ভালো মানুষ জনপ্রতিনিধি হিসেবে না এলে এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নে হাজীপুর দরবার শরীফ কর্তৃক আয়োজিত ভক্ত মেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এলাকারবাসীর উদ্দেশে খাদ্যমন্ত্রী আরও বলেন, “এলাকার উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, আমার দিক থেকে আমি তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।”
হাজীপুর দরবার শরীফের ৫ম বংশধর মো. মোশাররফ হোসেন চাঁন শাহ ও আফরোজা বেগম ডালিয়া অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও আয়োজন করেন।
হাজীপুর দরবার শরীফের পীর মো. আতাউর রহমানের সভাপতিত্বে এবং যুবদলের আহ্বায়ক মো. আমীর হামজার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহামুদুল ইসলাম, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো:মোশাররফ হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আ. ফ. ম. নুরতাজ আলম বাহার, জেলা জজ কোর্টের জিপি এডভোকেট আব্দুল আউয়াল খান, এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট মোকসেদুর রহমান ও এডভোকেট আ. ত. ম. জহির উদ্দিন লতিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল কদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লবসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।