নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনালের পাশে ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।
আজ ২ নভেম্বর সোমবার সন্ধ্যা সাতটার দিকে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশে ড্রেন থেকে শটগানটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিকভাবে ধারণা, ২০২৪ এর গণআন্দোলনে বিভিন্ন থানা থেকে লুট অস্ত্রের একটি এই শটগান।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম শটগান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়েছে। পুলিশ বাহিনীর সদস্যরা এ ধরনের শটগান ব্যবহার করেন। তবে এটি পুলিশে শটগান কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছেনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ২০২৪ সালের গণআন্দোলনে পাটুরিয়া আনসার ক্যাম্পের লুট হওয়া অস্ত্র হতে পারে।
তিনি আরো বলেন, শটগানটি উদ্ধারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।####