সুমন আহমেদ, ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৩১ লাখ টাকার মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। পুলিশ বলছে, গ্রেপ্তাররা ভারত থেকে হেরোইন এনে ধামরাই থানা এলাকায় খুচরা বিক্রির জন্য এসেছিল।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গার মালবাগডাঙ্গা এলাকার মো. শরীফ (২৯), টাঙ্গাইলের নাগরপুরের সিংদাইরের মোছা. শাহিদা আক্তার (২৯) ও মিন্টু হোসেন (২৯)।
সংবাদ সম্মেলন জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশ কালামপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. শরীফকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২শো গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। এছাড়া, ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় পৃথক অপর এক অভিযান থেকে মাদক ব্যবসায়ী শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে আরো ১১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা। পরে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলেও জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘‘বিশেষ অভিযান উপলক্ষে একাধিক টিম বর্তমানে মাঠে কাজ করছে। গতকাল এসআই রহমান কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট ডিউটি পালনকালে ওই এলাকায় মাদক বিক্রি করতে আসা মো. শরিফ হোসেনকে ২০০ গ্রাম মাদকসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া টাঙ্গাইলের নাগরপুর থেকে হেরোইন বিক্রি করতে আসা অপর দুইজনকে ১১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে এই ৩১০ গ্রাম হেরোইনের মূল্য অন্তত ৩১ লাখ টাকা। গত ১২ ঘণ্টায় আরও তিনটি মাদক মামলা নেওয়া হয়েছে। এরমধ্যে একটিতে ৬০ পিস ইয়াবা, অপরটিতে ৩০ পিস ও আরেকটিতে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ধরনের অভিযান আরও চলমান থাকবে।’’
তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত যাদের ধরা হয়েছে, তারা সবাই মাদক ব্যবসায়ী। এরমধ্যে বড় যেসব মাদক ব্যবসায়ীকে ধরা হয়েছে, তারা ভারত থেকে হেরোইন এনে ধামরাই থানা এলাকায় খুচরা বিক্রির জন্য নিয়ে আসে। আমরা তাদের গ্রেপ্তারে সক্ষম হয়েছি।