নিজস্ব প্রতিবেদক :::
মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী নুরনাহার বেগম (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), মানিকগঞ্জ জেলা কার্যালয়। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে রাজিবপুর এলাকায় মাদক কারবারির নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল রাজিবপুর এলাকায় অভিযান চালায়। অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নুরনাহার বেগমকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরনাহার বেগম সদর উপজেলার রাজিবপুর এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নুরনাহার দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এলাকার সাধারণ মানুষের অগোচরে তিনি নিজ বাড়িতেই এই মাদকের কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার নুরনাহার বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার প্রতিটি এলাকায় মাদক নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম আরও জোরদার করা হবে।